আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নয়া দুনিয়া ডেস্ক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরে বাংলাদেশের পণ্যের জন্য জাপানের বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। পাশাপাশি জাপানের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচিতে জাপানের জ্বালানি ও শিল্প স্থাপনা পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দপ্তর এবং টয়োটার একটি কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান। দেশটির সহায়তায় বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এবারের সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

