সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’, মন্তব্য আব্বাসীর
আব্বাসীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’, মন্তব্য আব্বাসীর
নয়া দুনিয়া | নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের একাংশকে ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি ওয়াজ মাহফিলে দেওয়া তাঁর এ বক্তব্য ঘিরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
গত ১৯ অক্টোবর রাতে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অবস্থানের প্রশংসা করলেও তাঁর অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার পদ্ধতির সমালোচনা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আব্বাসী।
তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে গণমাধ্যমের একাংশ ইশরাকের হাতে পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সংবাদ প্রকাশের পদ্ধতি নিয়ে কারও আপত্তি থাকলে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো যেতে পারে। তবে সাংবাদিকদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য নিন্দনীয়। তিনি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
এদিকে, আব্বাসীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

