ইশরাক হোসেনের পদত্যাগের খবর অসত্য ও বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ইশরাক হোসেন
ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগসংক্রান্ত খবর প্রচারকে বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে দাবি করা হয়।

ইশরাক হোসেনের পদত্যাগের খবর অসত্য ও বিভ্রান্তিকর
নিজস্ব প্রতিবেদক | নয়া দুনিয়া
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ইশরাক হোসেন তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
এতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সম্প্রতি নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে ইশরাক হোসেন ইতোমধ্যে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগসংক্রান্ত খবর প্রচারকে বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে দাবি করা হয়।
পোস্টে সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

