ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সাড়ে চার ঘণ্টায় ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
নয়া দুনিয়া ডেস্ক
রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসিক এলাকা ও ফুটপাতের সার্বিক পরিস্থিতি দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়ে চার ঘণ্টায় তিনি ১৩টি স্থান ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর তথ্য অনুযায়ী, সকাল ৯টা ১০ মিনিটে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাংলা কলেজ পরিদর্শন করেন তিনি।
এ ছাড়া আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজেও যান তিনি। সেখানে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারেও যান তারেক রহমান। এ ছাড়া মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে কয়েকটি স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিন এবং আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময় দেন তিনি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এক চিকিৎসককে তাঁর কক্ষে ধূমপান করতে দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
আকস্মিক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নাগরিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
সূত্র: ইউএনবি,
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

