সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
নয়া দুনিয়া ডেস্ক
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত বুধবার (১৪ অক্টোবর) তাঁদের দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদি কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাআজির (Ta’zir) বিধানের আওতায় এ দণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশের পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে, কোন মসজিদে ঘটনাটি ঘটেছে কিংবা কখন তাঁদের আটক করা হয়েছিল—এসব বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।
এদিকে, জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেল জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের এ বিষয়ে অবহিত করা হয়নি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী বিচার কার্যকর করার বিষয়ে দেশটির সরকার কঠোর অবস্থানে রয়েছে।
সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি,
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

